পুরান ঢাকায় স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, বিশেষ সুবিধা পাবেন ওল্ড ঢাকা ইউনিটির সদস্যরা

রাজধানীর পুরান ঢাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইউনিটি এবং আওয়ার হেলথ এইড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী, ওল্ড ঢাকা ইউনিটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা আওয়ার হেলথ এইড হাসপাতালে বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়সহ নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
তবে উদ্যোগটি শুধু সংগঠনের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পুরান ঢাকার অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসায়ও যৌথভাবে সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান। অর্থাভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই পারস্পরিক সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
ওল্ড ঢাকা ইউনিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন রনি বলেন, সদস্য ও তাঁদের পরিবারের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ সহযোগিতার মাধ্যমে আর্থিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
আওয়ার হেলথ এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ওল্ড ঢাকা ইউনিটির সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। সংগঠনের সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার পাশাপাশি অসচ্ছল রোগীদের চিকিৎসায়ও হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করবে।
এদিকে ওল্ড ঢাকা ইউনিটির সভাপতি মো. দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রাসেল এ উদ্যোগকে সংগঠনের জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান।
উল্লেখ্য, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে ওল্ড ঢাকা ইউনিটি। নতুন এ চুক্তির মাধ্যমে সংগঠনটির স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।