নতুন লুকে পূর্ণিমা যেন ১৮ বছরের তরুণী!

নব্বই দশকের শেষভাগ থেকে ঢালিউডে গ্ল্যামার ছড়িয়ে আসছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলচ্চিত্রে তার পথচলার প্রায় তিন দশক হতে চলেছে। বয়স চল্লিশ পেরোলেও তার সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতা এখনো ভক্তদের মুগ্ধ করে।
সামাজিক মাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করতেই আবারও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি নতুন লুকের ছবি শেয়ার করেন পূর্ণিমা। ছবিগুলোতে তার পোশাকের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে চুলের সাজ ও নান্দনিক অনুষঙ্গ।
একটি ছবিতে কালো রঙের আকর্ষণীয় টপসে দেখা গেছে তাকে। পোশাকের সঙ্গে মানানসই সাজে ফুটে উঠেছে তার আধুনিক ও পরিশীলিত ফ্যাশন রুচি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হেয়ারস্টাইল। কখনো চুল পেছনে পরিপাটি করে বেঁধে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো হেডব্যান্ড। আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন ফুলের নকশার হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন।
নতুন এই সাজে পূর্ণিমার ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে। একজন নেটিজেন মজার ছলে লিখেছেন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮।’
ভক্তের এই মন্তব্যে ফুটে উঠেছে পূর্ণিমার তারুণ্য ধরে রাখার বিষয়টি নিয়ে তাদের মুগ্ধতা।